চিলাহাটি সীমান্তে আটক ৩ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ এএম

নীলফামারীর ডোমারের চিলাহাটি সীমান্ত থেকে আটক তিন শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

আটক শিশুরা হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকার কোনাবাড়ির আকতারের ছেলে মো. সাজ্জাদ (১৩) ও সুনামগঞ্জের ছাতকের নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।

ওসি জানান, তাদের মধ্যে একজন পরিবারকে না জানিয়ে কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসে। পরে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করছিল। এভাবে ঘুরতে ঘুরতে তাদের তিনজনের একে অপরের সঙ্গে পরিচয় হয়। ৩ মার্চ তারা ডোমারের চিলাহাটিতে ট্রেনে পৌঁছায়। পরে তারা সেখানে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ডোমার থানায় হস্তান্তর করে।

পরে বুধবার বিকেলে তিন শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি। 

 

  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত