চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) বার্ষিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে গত এক বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন ‘দৈনিক দেশ রূপান্তর’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিম সাগর।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে চবিসাসের আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠানে বুধবার (৪ মার্চ) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এসময় উপাচার্য বলেন, ক্যাম্পাসের অনিয়ম ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এই পুরস্কার তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও উৎসাহিত করবে।
দেশ রূপান্তরের প্রতিনিধি আজিম সাগরের করা ‘ছেলে পরীক্ষার্থী, বাবা পরীক্ষক’ শীর্ষক শিরোনামের সংবাদ প্রতিবেদনের জন্য প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় হয়েছেন ঢাকা ডায়েরির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহসিন। প্রতি বছরের ন্যায় এবারও তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেয় চবিসাস।
অনুভূতি প্রকাশে সাংবাদিক আজিম সাগর বলেন, প্রতিটি অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। ব্যক্তির নিজের পরিশ্রমের স্বীকৃতি তার কাজের আগ্রহকে বাড়িয়ে দেয়। আশা করি, আগামীতে আরও ভালো কাজ উপহার দিতে পারবো।
ফিচার ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন সারাবাংলা.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাফি (১ম স্থান) এবং দৈনিক আজাদীর ক্যাম্পাস প্রতিনিধি শামীম হোসাইন নির্বাচিত হয়েছেন। মাল্টিমিডিয়া রিপোর্টিং ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন ৭১ টেলিভিশনের ক্যাম্পাস প্রতিনিধি মাহফুজ শুভ্র।
চবিসাস সভাপতি জানে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুম পারভেজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
