খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে হাবিবুর রহমান নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। খুলনা নগরের লবনচরার রহমতিয়া মসজিদের পাশে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান সাতক্ষীরা আশাশুনি এলাকার বাসিন্দা ও পেশায় রিকশাচালক।
খুলনার লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, রাত সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসীরা এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়লে হাবিবুর নামের একজন রিকশাচালক হঠাৎ গুলির সামনে চলে আসে। গুলিটি তার পিঠের ডানপাশে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
