ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের নিন্দা ঢা‌বি সাদা দ‌লের

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার কর্মস্থলে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। বৃহস্পতিবার (৫ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, একজন মেধাবী ও বিনয়ী শিক্ষক যখন নিজ কার্যালয়ে এমন বর্বরোচিত হামলার শিকার হন, তখন তা পুরো শিক্ষক সমাজের জন্য এক চরম অবমাননা। এই ঘটনা দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের নিরাপত্তার চরম সংকটকে জনসমক্ষে নিয়ে এসেছে।

শিক্ষক নেতারা আরও উল্লেখ করেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন নিজ ক্যাম্পাসে বা নিজ কর্মক্ষেত্রে নিরাপদ থাকেন না, তখন জাতির মেরুদণ্ড গড়ার কারিগররা এক ভয়াবহ ভয়ের সংস্কৃতির মধ্যে নিপতিত হন। এটি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য বড় হুমকি।

বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ উদঘাটন করে প্রধান অভিযুক্ত ফজলুসহ জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

পরিশেষে, সাদা দলের নেতারা মরহুমা আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা ঘোষণা করেন যে, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাদা দল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত