জামালপুরের মেলান্দহ উপজেলায় বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল মিয়া (৪২) ও আকাশ মিয়া (২০) নামে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাঈম (২৩) নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর শহরের মিয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ঢালুয়াবাড়ি এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া ও তার ভাতিজা মৃত উজ্জ্বল মিয়ার ছেলে আকাশ মিয়া। তারা দুজনেই হাজরাবাড়ি বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ির দিকে ফিরছিলেন চাচা কাজল ও ভাতিজা আকাশ। ফেরার পথে পৌর শহরের মিয়ারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক সাঈম নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
মিয়ারপাড়া এলাকার নৈশ্য প্রহরী নুর ইসলাম জানান, হঠাৎ শব্দ শোনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে অন্যজনের অবস্থা ভালো না। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নৌ পুলিশের অভিযানে অবৈধ জালসহ আটক ২৮১