কাজের জন্য ফোনের হোয়াটসঅ্যাপকে ওয়েবে ব্যবহার করেন অনেকেই। তবে সেখানে শুধু জরুরি মেসেজ পাঠানো আর ডকুমেন্ট বা ছবি-ভিডিও চালাচালি করেই ক্ষান্ত থাকতে হয়। ভয়েস বা ভিডিও কলের জন্য এতদিন ভরসা ছিল ফোন অথবা কম্পিউটারে ইনস্টল করা নির্দিষ্ট সফ্টওয়্যার। এবার থেকে সরাসরি ব্রাউজার থেকেই ভিডিও বা ভয়েস কল করতে পারা যাবে জাস্ট একটা ক্লিকে। আর সেই সমস্ত কল ফোন থেকে করা কলগুলোর মতো ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। ফলে সুরক্ষা নিয়েও চিন্তা নেই।
প্রধানত নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটারের বাইরে অফিস বা অন্য কোনো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এই নতুন ফিচার খুবই কাজে আসবে। তবে এই কলগুলো আপাতত একক কলের জন্যই সীমাবদ্ধ থাকবে। গ্রুপ কল করতে গেলে সেই ফোন বা পি-সির সফ্টওয়্যারেরই দ্বারস্থ হতে হবে। তবে কিছু দিনের মধ্যেই সর্বাধিক বত্রিশজনের গ্রুপ কলের সুবিধা চালু হতে পারে বলে জানা গিয়েছে। চালু হবে ওয়েব থেকে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধাও। এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীদের কাজের সুবিধা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অফিসের কাজ, অনলাইন মিটিং বা দ্রুত যোগাযোগের ক্ষেত্রে আর ফোন হাতে নেওয়ার প্রয়োজন হবে না। শুধু ব্রাউজার খুলেই সহজে কল করা যাবে। এতে সময় বাঁচবে এবং কাজের গতি বাড়বে।
