পল কাপুরের সঙ্গে বৈঠক বিএনপি ও জামায়াতের

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০২:০৯ এএম

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি ও জামায়াতের প্রতিনিধিদল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নতুন সরকারের পররাষ্ট্রনীতিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। অতীতের মতো আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করি।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।’ গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয়।

এর আগে বেলা ১১টায় মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল রাষ্ট্রদূতের বাসায় যায় এবং ১১টা ৫০ মিনিটে বৈঠক শেষে বেরিয়ে আসে। বৈঠকে মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাক্সক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে। বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে এসেছি।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চুক্তির বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো।’

মঈন খান বলেন, ‘আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনাপ্রবাহ, তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আমাদের সঙ্গে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

যুদ্ধ চাই না, শান্তি চাই : গতকাল সকাল ৯টায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান। বৈঠকের পর ডা. তাহের বলেন, ‘তাদের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক, ব্যবসায়-বাণিজ্য বিষয় নিয়ে কথা হয়েছে এবং তাদের এআই সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। আমরা ইসরায়েল-ইরান যুদ্ধ প্রসঙ্গে তাদের বলেছি, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনার ভিত্তিতে সব সমস্যার সমাধান হওয়া উচিত।’

বৈঠকে ডা. তাহের ছাড়াও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরেন অ্যাফেয়ার্স কনসালট্যান্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।

গত মঙ্গলবার রাত ৮টার পর দুদিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা : গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পল কাপুর। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

গতকাল বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। রাতেই পল কাপুর ঢাকা ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত