সোনারগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. ফারুক পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পাকা রাস্তার সামনে এক যুবক সন্দেহজনক ভাবে চলাফেরা করছিল। পুলিশ জানতে পেরে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সহায়তায় অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান, এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
