ঢাকার সূত্রাপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিলের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ কমিউনিস্টদের নেতৃত্বে শোষণ, বৈষম্য, মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (৬ মার্চ) সকালে সূত্রাপুরের লোহারপুল এলাকায় সিপিবি সূত্রাপুর থানা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিনের শুরুতে শ্রমিক-কৃষকের রক্তরঞ্জিত পার্টির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির নেতা জাহিদ হোসেন খানের সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খান। এছাড়াও বক্তব্য রাখেন ৪৩ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক কমরেড দীপায়ন হোসেন এবং ৪৪ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক কমরেড ধণেশ চন্দ্র শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জাহিদ হোসেন খান বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) দ্বিতীয় কংগ্রেসে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। সেই থেকে গত ৭৮ বছর ধরে এই অঞ্চলের প্রতিটি গণসংগ্রামে কমিউনিস্টরা নেতৃত্ব দিয়েছে এবং রাজপথে রক্ত দিয়েছে। জেল-জুলুম ও দমন-পীড়ন উপেক্ষা করেও পার্টির কর্মীরা কখনও শাসকশ্রেণির সঙ্গে আপস করেনি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের সেই মূল চেতনা- সাম্য, মৈত্রী ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্টরা আজও রাজপথে অবিচল রয়েছে। তবে বর্তমানে বিশ্বের বিপুল সম্পদ মুষ্টিমেয় শোষকগোষ্ঠীর দখলে চলে যাচ্ছে এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিভিন্ন দেশে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় সমস্যা তুলে ধরে গোলাম রাব্বী খান বলেন, স্বাধীনতার পর থেকে সূত্রাপুর থানা কমিটি এ অঞ্চলের শোষিত মানুষের দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন করে আসছে। ইতোমধ্যে ধূপখোলা থেকে বাস সার্ভিস এবং ধোলাইখাল সংস্কারের আন্দোলন সফল হয়েছে। তিনি এখন সূত্রাপুর ও বাহাদুর শাহ পার্ক থেকে সব রুটে বিআরটিসি বাস চালু, খাস জমি উদ্ধার করে সরকারি হাসপাতাল নির্মাণ এবং জলাবদ্ধতা ও মাদকমুক্ত এলাকা গড়ার দাবি জানান।
সমবেত কণ্ঠে ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল সূত্রাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঠেরপুল এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
সব ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা