জিরাফের বিস্ময়কর জিহ্বা 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম

জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। গাছের উঁচু ডাল থেকে পাতা খাওয়ার জন্য, প্রকৃতি যেন জিরাফকে এমন গঠন দিয়েছে। শান্ত স্বভাবের তৃণভোজী প্রাণীটি দলবদ্ধভাবে থাকে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে। তাদের জিহ্বা বিস্ময়কর। এটি কেবল দীর্ঘ নয়, এর শক্তি এবং অভিযোজন ক্ষমতা অবিশ^াস্য। প্রাপ্তবয়স্ক জিরাফের জিহ্বা প্রায় ৪৫ থেকে ৫০ সেন্টিমিটার (১৮ থেকে ২০ ইঞ্চি) দীর্ঘ হতে পারে। এটি দিয়ে তারা গাছের মগডালের কুঁড়ি এবং পাতা সহজে পেঁচিয়ে ছিঁড়ে নিতে পারে। বাবলা গাছের শক্ত ও কাঁটাযুক্ত ডাল থেকে পাতা আলাদা করার জন্য তাদের জিহ্বায় রয়েছে অবিশ^াস্য পেশিশক্তি। বাবলা গাছের তীব্র ও সূক্ষ্ম কাঁটা জিরাফের জিহ্বার ক্ষতি করতে পারে না। কারণ তাদের জিহ্বার চামড়া অত্যন্ত পুরু। এরা পুরোপুরি তৃণভোজী। খাবার খাওয়া ছাড়াও জিরাফ তাদের লম্বা জিহ্বা দিয়ে নিজের কান ও নাক পরিষ্কার করার মতো অদ্ভুত কাজ অনায়াসে করতে পারে। এই জিরাফ গাছের উঁচু ডাল ছেঁটে খাওয়ার মাধ্যমে বনভূমির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে। একই সঙ্গে তারা প্রকৃতির খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে বন্য জিরাফ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত ৩০-৩৫ বছরে বিশ্বজুড়ে জিরাফের সংখ্যা প্রায় ৩০%-৪০% হ্রাস পেয়েছে। বর্তমানে পৃথিবীতে মাত্র ১,১৭,০০০টি জিরাফ বন্য পরিবেশে টিকে আছে।  জিরাফের জীবনকাল ২০ থেকে ২৫ বছর হয়ে থাকে। তবে উপযুক্ত পরিবেশ ও বিশেষ রক্ষণাবেক্ষণে এরা আরও বেশি সময় বাঁচতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত