নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ পিএম

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বসতবাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ২জন দগ্ধসহ ৩ জন আহত হয়েছেন। দগ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুক্রবার (৬মার্চ) সন্ধ্যায় আরমান শেখের মালিকানাধীন তিনতলা ভবনের নীচ তলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় ভবনটির নীচ তলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নীচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ি শিপন, তার কর্মচারি লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। এসময় আশেপাশের আরো কয়েকটি ভবনের জানালার কাচ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে দগ্ধ শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তার। এ ঘটনায় ত্তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত