জামালপুরে পৌর শহরে স্ত্রীকে হত্যার পোড়ানোর চেষ্টার অভিযোগে আইনজীবী স্বামী হোসেন তাইফুরের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জামালপুর সদর থানায় নিহত তাহমিনা আক্তার তানিয়ার ছোট ভাই আবু সাঈদ তৌকির বাদী হয়ে মামলাটি করেন।
নিহত তাহমিনা আক্তার তানিয়া পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে ও মামলার বাদী আবু সাঈদ তৌকিরের বড় বোন। অভিযুক্ত আইনজীবী হোসেন তাইফুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া ম-লবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে। তারা ফুপাতো-মামাতো ভাই-বোন বলে জানা গেছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নিহত তানিয়ার ভাই তৌকির জামালপুর সদর থানায় মামলাটি করেছেন। হত্যা এবং হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় শুধু হোসেন তাইফুরকেই আসামি করা হয়েছে।
বিকেলে হোসেন তাইফুরকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্য কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে তাহমিনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন আইনজীবী তাইফুর। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ পুড়িয়ে ফেলতে বিছানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা জানালার কাচ ভেঙে বিছানায় তাহমিনার মরদেহ ও আগুন জ¦লতে দেখেন। প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত তাইফুরকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে।
জানা গেছে, ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাহমিনা ও তাইফুরের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। তাদের একটি ছেলে ও একটি মেয়েসন্তান রয়েছে। তবে ঘটনার সময় তারা নানাবাড়িতে ছিল।
