ফেব্রুয়ারি মাসে দেশে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ এএম

দেশে চলতি ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এ সময়ে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১ হাজার ১৮১ জন আহত হয়েছে। গতকাল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু সড়কপথ নয়, রেল ও নৌপথও বিপজ্জনক। ফেব্রুয়ারিতে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মোট হিসাব অনুযায়ী, সড়ক, রেল ও নৌপথে ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন প্রাণ হারিয়েছে এবং ১ হাজার ১৯৭ জন গুরুতর আহত বা পঙ্গুত্বপ্রাপ্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে প্রাণঘাতী। ১৫১টি দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছে, যা মোট মৃত্যুর ৩৭.৩৬ শতাংশ। বিভাগীয় ভিত্তিতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে (১১৩টি দুর্ঘটনা, ১১৫ জন নিহত) এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে (২২টি দুর্ঘটনা, ১৯ জন নিহত ও ৮৫ জন আহত)।

নিহতদের মধ্যে ৩ জন পুলিশ, ৩ জন সেনা, ১ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ২ জন আনসার রয়েছে। এ ছাড়া ৮৫ জন চালক, ৭২ জন পথচারী, ৪৩ জন নারী, ৪১ জন শিশু ও ৪৭ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ধরন অনুযায়ী বলা যায়, ৪১.৭৪ শতাংশ ঘটেছে গাড়ি চাপা দেওয়ার কারণে এবং ৩৩.২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষে। অবস্থানভিত্তিকভাবে, ৪২.৬৩ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে এবং ২৫.৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ঘটেছে।

সংস্থার মতে, যানবাহনের ত্রুটি, অতিরিক্ত গতি, ফিডার রোড থেকে হঠাৎ প্রধান সড়কে ওঠা এবং পর্যাপ্ত রোড সাইন না থাকা প্রধানত দুর্ঘটনার কারণ। নিরাপদ সড়কের জন্য অবিলম্বে সুষ্ঠু নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন বলে তারা মনে করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত