পিস্তল-গুলিসহ আটক তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

যশোরের অভয়নগরে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি খালি ম্যাগজিনসহ ৩ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিন যুবক হলেন অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের সূর্য সরদার, একই গ্রামের শাকিল সরদার ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের রবিউল মোল্যা।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত