স্বামীর বিচার চেয়ে নার্সের আত্মহত্যা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ এএম

রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে ‘স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিচার’ চেয়ে লেখা একটি চিরকুট জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানা গেছে, নিহত ববি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকায়। নিহত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন জানান, পুলিশের মাধ্যমে তারা ববির মৃত্যুর খবর পান। পরে তারা ওই বাসায় গিয়ে ববির মরদেহ দেখতে পান। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হোসেনী দালান এলাকার একটি বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরও জানান, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান। রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মৃত্যুর আগে ববি একটি চিরকুট লিখে রেখে গেছেন উল্লেখ করে ওসি বলেন, সেখানে লেখা রয়েছে স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে। ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চকবাজার থানায় একটি মামলা হয়েছে। মামলায় নিহত নারীর স্বামীসহ শ^শুরবাড়ির লোকজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে ময়নাতদন্ত শেষে ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত