কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার প্রধান পলাতক আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর র্যাব-১৩।
জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামি মো. আবুল কালাম (৩৫) ও তার সহযোগীরা ৫ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে শাহিদা খাতুন ও তার ছোট ভাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকেন। তবে সালিশের দিন অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এর জেরে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় ভিকটিম শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধুতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় হত্যা মামলা করেন। মর্মান্তিক এই হত্যাকা-ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে র্যাব-১৩-এর একটি দল ৫ মার্চ রাতে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় আব্দুল মতিন আনছারীর বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি কালামকে গ্রেপ্তার করে।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
