স্প্যানিশ লা লিগায় নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে ২–১ ব্যবধানে জিতিয়েছেন ফেদেরিকো ভালভার্দে। শুক্রবার রাতে সেল্টা ভিগোর মাঠে এই জয় তুলে নেয় রিয়াল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটে দলকে এগিয়ে দেন অরেলিয়াঁ তচুয়ামেনি। তার শট পোস্টে লেগে জালে ঢুকে যায়। গোলটির পাস দেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি সেল্টা ভিগো। ২৫ মিনিটে উইঙ্গার উইলিয়ট সুয়েডবার্গ ডান দিক দিয়ে এগিয়ে এসে ক্রস করেন। সেই বল থেকে গোল করেন স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস। প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছিল না কেউ। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নাটকীয় মুহূর্ত আসে। দূর থেকে শট নেন ভালভার্দে। বলটি ডিফেন্ডার মার্কোস আলোনসো-এর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। তাতেই নিশ্চিত হয় রিয়ালের জয়। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ।
পয়েন্ট টেবিলে বার্সার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। উল্লেখ্য, এই ম্যাচে রিয়াল মাদ্রিদ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি। ইনজুরির কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো ও এদুয়ার্দো কামাভিঙ্গা। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
সালাহ–রবার্টসনের নৈপুণ্যে এফএ কাপের শেষ আটে লিভারপুল
মোনাকোর কাছে হেরে শিরোপা দৌড়ে হোঁচট পিএসজির