বরুড়ায় ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারি আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার আগানগর ইউনিয়নের আদমসার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরুড়া থানার এসআই (নি.) মো. তাজুল ইসলাম সঙ্গীয় এসআই (নি.) মহিন উদ্দিন, এএসআই (নি.) নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আগানগর উত্তর পাড়ার খোকন মিয়ার বসতঘরের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে। 

আটককৃতরা হলেন— আগানগর উত্তর পাড়ার মো. খোকন (৩৮), ইমরান হোসেন ওরফে জাহিদ চৌধুরী (২৪), মো. আশিকুর রহমান (২২), মো. জুয়েল (২৪) এবং সরপতি এলাকার মো. নাজমুল হাসান (২৪)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে খোকনের কাছ থেকে ১১০ পিস, ইমরানের কাছ থেকে ৩৫ পিস, আশিকুর রহমানের কাছ থেকে ৩১ পিস, জুয়েলের কাছ থেকে ২৭ পিস এবং নাজমুল হাসানের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৩০১ পিস ইয়াবা উদ্ধার করা ইয়াবার।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। পুলিশ আরও জানায়, আটক আসামিদের মধ্যে খোকন ও আশিকুর রহমানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বরুড়া উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আজ শনিবার (৭ মার্চ) দুপুর ১২টায় জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত