মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার (৭ মার্চ) বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এদিকে বিমান সংস্থা এমিরেটস তাদের সমস্ত ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করেছে। শনিবার (৭ মার্চ) এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি জরুরি বার্তায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমিরেটসের কোনও ফ্লাইট বিমানবন্দর থেকে ছাড়বে না।
শনিবার এক বিবৃতিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বর্তমানে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত রবিবার (১ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে।
এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। তিনি বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গতকাল (৬ মার্চ) অনুমোদন দিয়েছে, প্রতিবেশী দেশ থেকে ইরানে হামলা না করা হলে সেসব দেশে আর পাল্টা হামলা করবে না তেহরান।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
