নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত যুবক সাব্বিরের মৃত্যু হয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে তিনি মারা যান।
নিহত সাব্বির (৩০) ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব লামাপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, সাব্বিরের বাবা ইস্রাফিলকেও সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছিল।
স্থানীয়দের বরাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গত ১২ ফেব্রুয়ারি সাব্বির ও সোহাগ গ্রুপের মধ্যে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সোহাগ গ্রুপের হামলায় সাব্বির আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ৪ মার্চ রাত ৩টার দিকে সাব্বির সেহরি খেতে শিবু মার্কেট এলাকায় গেলে সোহাগ গ্রুপের সদস্যরা তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন তিনি।
