গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঝুট বোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপাইটর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা।
অভিযোগ করা হয়, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদলের কিছু নেতা প্রায় দুই থেকে আড়াইশ লোক অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা এলাকার বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছিলেন এবং এর লাভের অংশ প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হতো। শনিবার অন্য একটি পক্ষ ঝুট বের করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।
বাসন থানার ওসি মো. হারুন অল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে তিনি গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।
এ ব্যাপারে জাসাস নেতা কৌশিক খান বলেন, তার মালিকানাধীন খান ট্রেডিংয়ের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট কেনাবেচার চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা।
এ ব্যাপারে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।
