রাজশাহীর মোহনপুর উপজেলায় মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জানানো হয়, গত ৭ মার্চ শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সাথে স্থানীয় কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এবং সন্তানদের নিবৃত্ত করতে মুয়াজ্জিন আলাউদ্দিন এগিয়ে আসলে তার ওপর হামলা চালানো হয়। এই হামলায় তিনি গুরুতর আহত হন এবং প্রাণ হারান।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মসজিদ হলো মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের স্থান। সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা খুনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করা পুরো সমাজের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।
নিহত মো. আলাউদ্দিন এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জামায়াত নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাকে ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।
বিবৃতির শেষে অ্যাডভোকেট জুবায়ের সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৫০০ লিটার তেল নষ্ট