মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৫০০ লিটার তেল নষ্ট

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইফতারের আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেট্রোল-ডিজেল বিক্রির একটি দোকানসহ পাশাপাশি ৩টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার (৭ মার্চ) উপজেলার লছনা এলাকায় আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লছনা এলাকার মারুফ এন্টারপ্রাইজ নামক পেট্রোল ও ডিজেল বিক্রির দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, অগ্নিকাণ্ডে মারুফ এন্টারপ্রাইজসহ পাশাপাশি তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দোকানে থাকা প্রায় ৪০০ থেকে ৫০০ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল আগুনে নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত