সাতকানিয়ায় মাটি কাটায় ২ জনের দণ্ড: ডাম্পার স্কেভেটর বিকল

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দু'জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। এ সময় মাটি কাটার স্থানে থাকা একটি স্কেভেটর ও ২টি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ঢেমশা ইউনিয়ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড রোজমার পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদ এর ছেলে মোহাম্মদ হোসেন (৩৭) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সোরাজপুর ইউনিয়নের মোহাম্মদ আলতাফ মিয়ার ছেলে আরিফ মিয়া(২৯)।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কৃষি জমির মাটি কাটার সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার স্থান থেকে দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হলে মাটি কাটার সঙ্গে জড়িতের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাত দিনের কারাদণ্ড ও মাটি কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর ও ২টি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত