চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল-২ (বেপজা জোন-২) থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার ডলার মূল্যের তামাক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতির একটি চালান পাঠানোর মধ্য দিয়ে অঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা।
অর্থনৈতিক অঞ্চলটির প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৩ সেপ্টেম্বর বেপজা থেকে রপ্তানির অনুমতি পায়। এরপর গত ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যন্ত্রপাতির চালানটি পাঠানো হয়। এ রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চল-২ আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের পর্যায়ে প্রবেশ করে। এর ফলে বেপজার অধীনে চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে। এর মধ্যে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং দুটি অর্থনৈতিক অঞ্চল।
বেপজা জানায়, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন লিজ টোব্যাকো মেশিনারি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করে। প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সেখানে ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি তামাকজাত পণ্য তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন করে। এর পুরো উৎপাদনই রপ্তানিমুখী।
বেপজা অর্থনৈতিক অঞ্চল ২- এ শিল্প প্লট বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বেপজা জানিয়েছে, আরও তিনটি প্রতিষ্ঠান শিগগির উৎপাদন ও রপ্তানি শুরু করবে। বাকি ১৪টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ চলছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল ২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ অবস্থায় বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে দেশটিতে রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
এর আগে চট্টগ্রামের মীরসরাইয়ে এক হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে বৃহৎ এই শিল্পাঞ্চলকে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি পৃথক জোনে বিভক্ত করা হয়। এরই মধ্যে এ দুটি জোনকে পৃথক অর্থনৈতিক অঞ্চল হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সরকার।