বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৫০ এএম

ঢাকার বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি হয়েছে। দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে ক্রেতাদের মধ্যে তেল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও সরবরাহকারীরা মূল্য বাড়াতে চান। এর পনিপ্রেক্ষিতেই কৃত্রিম সংকট তৈরি করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, অপরিশোধিত সয়াবিন তেল এবং সয়াবিন সিড আমদানির যে তথ্য রোজার আগে পর্যালোচনা করা হয়েছে তাতে করে সয়াবিন ও পাম অয়েলের সংকট হওয়ার সুযোগ নেই। 

ঢাকার খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, কারও কারও কাছে এক লিটারের বোতল রয়েছে কিন্তু দুই বা পাঁচ লিটারের বোতল নেই। আবার কারও কারও কাছে ৫ লিটারের বোতল থাকলেও এক বা দুই লিটারের বোতল নেই।

একই অবস্থা দেখা গেছে সুপারশপগুলোতেও। মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে স্বপ্নের দুটি আউটলেট রয়েছে। এই দুটির একটিতে শুধুমাত্র এক লিটারের একটি বোতল পাওয়া গেছে। অন্যটিতে ৪-৫টি এক লিটারের বোতল দেখা গেছে। দুই আউটলেটের কোনোটিতেই দুই বা পাঁচ লিটারের বোতল নেই।

এই এলাকার মুদি দোকানি মিজান সুপার স্টোরের মালিক মিজানুর রহমান বলেন, এক পাঁচ ও দুই লিটারের বোতলের অর্ডার ছিল। কিন্তু অল্প পরিমাণে শুধু এক লিটারের বোতল সরবরাহ পেয়েছি। কিন্তু দাম বাড়েনি।

একই অবস্থার ঢাকার বিভিন্ন খুচরা বাজারের। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যবসায়ীরা রোজার আগে তেলের দাম বাড়ানোর চিঠি দিয়েছিল। সে সময় এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকার করার প্রস্তাবনা দেয়। কিন্তু সে সময় আমরা দাম বাড়ানোর যৌক্তিকতা পাইনি বলে দাম সমন্বয় করা হয়নি। তবে এখন বাজারে সরবরাহ সংকটের কথা শোনা গেলেও ব্যবসায়ীরা আর কোনো প্রস্তাবনা নিয়ে আমাদের কাছে আসেননি।

তিনি বলেন, এটা দাম বাড়ানোর জন্য একটা কৌশল ব্যবসায়ীদের। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখব।

এদিকে গত বছরের ডিসেম্বরে সর্বশেষ সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানোর অনুমোদন দেয় সরকার। তখন দাম বাড়ানোর পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৯৫ টাকা। সে সময় ৫ লিটারের বোতল ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৫৫ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। তবে বর্তমানে খোলা সয়াবিনের দাম বাড়িয়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত