সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোঠের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হয়েছে। বড়চওনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমির স্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (৮ মার্চ) রাত ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হয়ে এ মূর্তি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। রবিবার সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যান।

স্থানীয় সচেতন মহলের ধারণা, এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করবে বলে তারা প্রত্যাশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত