জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় হাতিয়ায় আলোচনা সভা

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে 'জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভা শুরু হয়ে দুপুরে শেষ হয় ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রাণী সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ মাহমুদুর রহমান, মেডিকেল অফিসার (এমও) ডা. রবিউল হুসাইন ও ডা. ওয়ালী উল্লাহ। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য) নোয়াখালী জেলা কর্মকর্তা সুদীপ্ত নাথ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (টিবি) উপজেলা প্রোগ্রাম অফিসার আনোয়ার ইসলাম রুবেল প্রমুখ।  

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বাংলাদেশে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিবাহিত ও ভেক্টর-বাহিত রোগের ঝুঁকি বাড়ছে।  

ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ এডিস মশা বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন তারা ।

এ সময় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হোম ডেলিভারি (বাড়িতে সন্তান প্রসব) বন্ধ করে প্রসূতি মায়েদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নেওয়ার আহ্বান জানান। হাতিয়ার মতো দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম শক্তিশালী করতে স্বাস্থ্য অবকাঠামোর মানোন্নয়ন, প্রশিক্ষিত জনবল বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিকগুলোর দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের (সিইএইচসিপিদের) সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান।

সভায় বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপ-সহকারী মেডিকেল অফিসার, নার্স, গ্রাম ডাক্তার, প্রাইভেট ক্লিনিকগুলোর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা অংশগ্রহণ করেন 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত