আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের লক্ষীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় হামলাকারীরা আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত