ওয়াসার সাবেক এমডি ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওয়াসার সাবেক এই কর্মকর্তা ও তার স্ত্রী এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সম্পত্তি কিনেছেন।

অর্থপাচারের এই ঘটনা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশযাত্রা রোধ করা জরুরি বলে মনে করছে তদন্ত সংস্থা। এ কারণে আবদুস সালাম ব্যাপারী ও মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানায় সিআইডি।

পাশাপাশি তাদের এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আদেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার গুরুত্বপূর্ণ পদে থাকাকালে আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত