ইউএস-বাংলার ফ্লাইট চালু হচ্ছে শারজাহ ও আবুধাবি রুটে

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট চালু করবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে ও সব ধরনের অনিশ্চয়তা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালিত হবে। আগামী ১৩ মার্চ থেকে প্রতি শুক্রবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে শারজাহর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে।

অন্যদিকে, আবুধাবি রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালিত হবে। আগামী ১৪ মার্চ থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার সরাসরি ঢাকা থেকে বিকেল ৫টা ৫০ মিনিটে এবং প্রতি সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। একই দিনে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে বিকেল ৫টা ৫০ মিনিটে। আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে আসবে।

শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বর্তমান বহরে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও নিয়মিত ফ্লাইট চলছে। এছাড়া ঢাকা থেকে দোহা রুটে খুব শীঘ্রই পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

টিকেট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে গ্রাহকরা যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত