মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:৫৭ এএম

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের লক্ষ্মীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন।

এ সময় হামলাকারীরা আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাটনাতলী ইউনিয়নের বড়বিল গ্রামে বাড়ির রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকালে ওই নারীর বাড়ির রান্নাঘর থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। নিহতের মেয়ে আনুমা মারমা জানান, গত সোমবার রাত ১০টার দিকে তিনি ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় দেখতে পান। পরে মাকে ডাকাডাকি পর সাড়া না দেওয়ায় কম্বল সরাতেই তার গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান।

মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত