২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া পিস্তল-গুলি উদ্ধার

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ এএম

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া সরকারি পিস্তলটি ২৪ ঘণ্টার মধ্যেই গুলি-ম্যাগজিনসহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে খোয়া যাওয়া অস্ত্রটি ২টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিনভর পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলো শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. মিশাল, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মদ ও হাসান।

পুলিশ জানায়, গত সোমবার রাতে বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে মিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ২টা ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এএসআই লুৎফর রহমানের ওপর হামলার পর জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ আইশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযানে নামে। স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে নানাভাবে পর্যবেক্ষণ করে অস্ত্র ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং ছিনিয়ে নেওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত