এই ঈদে

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:৪২ এএম

কেন্দ্রীয় চরিত্রে আবুল হায়াত

এবার ঈদে নিজের পরিচালনার পাশাপাশি অন্য পরিচালকেরও কাজ করছেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত। তাকে প্রধান চরিত্রে রেখে ঈদুল ফিতরের বিশেষ এক মানবিক গল্পের নাটক নির্মাণ অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর-১২ ও আগারগাঁও এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। গল্পভিত্তিক এই নাটকের নাম রাখা হয়েছে ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। শফিকুর রহমান শান্তন্রু লেখা এ নাটকটি ঈদ উপলক্ষে প্রচারিত হবে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। পিতা-পুত্রের সম্পর্ক, দায়িত্ববোধ ও পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এই নাটকটিতে পিতার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার ছেলের চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ। এ ছাড়াও রয়েছেন সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক, শিশু শিল্পী ইব্রাহিম। নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গল্পটি খুব পরিচিত এক বাস্তবতার কথা বলে। আমাদের সমাজে অনেক পরিবারেই এমন পরিস্থিতি দেখা যায়। সেই অনুভূতিটাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নির্মাতারা আশা করছেন, পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানবিক বার্তার কারণে নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।’

রহস্যময় চরিত্রে বাঁধন

২০০৭ সালের সেই চাঞ্চল্যকর আদম পরিবারের ঘটনার সঙ্গে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’-এর মতো মনস্তাত্ত্বিক বিষয় মিশিয়ে পরিচালক ভিকি জাহেদ নির্মাণ করছেন ‘চক্র ২’ ওয়েব সিরিজ। এবার ঈদুল ফিতরে সিরিজটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। আর এতে রহস্যময়ী ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী জহক বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’ প্রথম সিজনের রুদ্ধশ্বাস শেষ থেকে গল্পটি আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, ‘প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।’  বাঁধন জানান, শেয়ার্ড হ্যালুসিনেশনের আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো রহস্যের জট খুলতে চোখ রাখুন আইস্ক্রিনে। আসছে ‘চক্র’ সিজন-২।

সর্বশেষ সর্বাধিক পঠিত