নির্বাচকের নির্বাচন আজ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:০৪ এএম

প্রথমবারের মতো জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই বিজ্ঞাপন দেখে অনেকেই আবেদন করেছেন। আজ থেকে শুরু হচ্ছে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ।

নির্বাচক হতে নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদ- বেঁধে দিয়েছিল বিসিবি। সেই মানদ-ে আগ্রহীদের কেউ কেউ বাদ পড়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, ১৬ জন সাবেক ক্রিকেটার নির্বাচক হতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিলেন যাদের ভেতর কেউ কেউ বাদ পড়েছেন প্রাথমিক বাছাইতে। আজ সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়াদের ভেতর আছেন জাভেদ ওমর বেলিম ও জিয়াউর রহমান। দুজনেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বেলিম খেলা ছেড়েছেন বহুদিন হয়, জিয়া সবশেষ মৌসুমেও বিপিএল খেলেছেন। দুজনেই দেশ রূপান্তরকে জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি নিয়ে তাদের ভাবনার কথা।

একটা সময় বেলিমের পরিচিতি ছিল ‘টেস্ট ব্যাটসম্যান’ হিসেবে, অভিষেকেই ইনিংসের আদ্যন্ত ব্যাট করেছিলেন এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। দেশ রূপান্তরকে জানালেন, ‘আমার কাছে নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ মনে হয়েছে। এভাবে বিজ্ঞাপন দিয়ে সাক্ষাৎকার নিয়ে নির্বাচক নিয়োগের প্রক্রিয়াটিকে আমি স্বাগত জানাই। এতে করে দায়িত্বশীলতা বাড়বে’। অলরাউন্ডার জিয়াউর রহমানও দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘এভাবে বিজ্ঞাপন দিয়ে নির্বাচক নিয়োগের বিষয়টি বাংলাদেশে প্রথম। আমি উদ্যোগটিকে স্বাগত জানাই। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় একটা স্বচ্ছতা আসবে’। অতীতে বিসিবি’র তরফ থেকে যোগাযোগ করে সরাসরিই নিয়োগ দেওয়া হতো নির্বাচকদের, ছিল না কোনো নির্দিষ্ট মাপকাঠি। বিজ্ঞাপনে এবার যোগ্যতা হিসেবে অন্তত ১০০ আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

যদি দায়িত্ব পান, তাহলে কি ইতিবাচক পরিবর্তন আনতে চান এমন প্রশ্নে বেলিম বলেছেন, ‘এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে অস্বীকার করার উপায় নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম একটা চাপ তৈরি করে। আমার মনে হয় বাংলাদেশে খুব দ্রুত কাউকে সুযোগ দেওয়া হয় আবার দ্রুত কাউকে বাদ দেওয়া হয়। আমি তো একা না, অন্য আরও নির্বাচকরা

থাকবেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই ব্যাপারটা হতে না দিতে। কাউকে যেন যাচাই-বাছাই না করে সুযোগ না দেওয়া হয় আবার হুট করে যেন বাদ দিয়ে দেওয়া না হয়।’

জিয়া দলের ভেতর সিনিয়র কিংবা তরুণ, সম্ভাবনাময় কিংবা অভিজ্ঞ এসব ভেদাভেদ দেখতে চান না, ‘আমি মনে করি, যে পজিশনে যে সেরা সেই জাতীয় দলে আসবে। সে সিনিয়র না তরুণ, সম্ভাবনাময় নাকি অভিজ্ঞ এসব দেখার চেয়ে দেখতে হবে সে যোগ্য কি না। আর সম্ভাবনাময় খেলোয়াড়ের জায়গা জাতীয় দল না। তার জন্য এ দল, বিসিবি একাদশসহ অনেক জায়গা আছে। তাকে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে আসতে হবে।’

জানা গেছে, নির্বাচক হতে আরও আবেদন করেছেন হাবিবুল বাশার সুমন, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম, মুশফিক বাবু, মেহেরাব হোসেন অপি, আনোয়ার হোসেন,  রাশেদুল হাসান এবং ধীমান ঘোষ। সাক্ষাৎকার গ্রহণের সময় বিসিবির হয়ে

থাকবেন চার পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সর্বশেষ সর্বাধিক পঠিত