জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাঠানো একটি চিঠি প্রকাশ করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি সম্মতি দিলেই তা প্রকাশ করা হবে।
বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় চিঠিটি প্রকাশের এ আগ্রহের কথা বলেছে।
এতে বলা হয়, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধীদলীয় নেতার পক্ষে ইলেকট্রনিক পদ্ধতিতে একটি চিঠি পাঠান। পরে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি প্যাডে লেখা একই চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে হস্তান্তর করেন। চিঠিতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে উপদেষ্টা বা মন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।
বিরোধীদলীয় নেতা স্বাক্ষরিত ওই চিঠিতে ড. হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন এবং দেশের পররাষ্ট্রনীতি এগিয়ে নিতে তাকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন। বিরোধীদলীয় নেতা প্রস্তাবটি বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান। চিঠিটিতে শুধু বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে, এমন তথ্য দিয়ে মন্ত্রণালয় বলছে, তিনি লিখিত সম্মতি দিলে চিঠিটির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।
