ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার দুপুরে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এক আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। একই আদেশে অধিবেশন ঘিরে রাজধানীতে যানচলাচলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপির আদেশে বলা হয়, আজ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘœভাবে পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তি জাতীয় সংসদ ভবনে প্রবেশ করবেন। অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১২ মার্চ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
এই কারণে যানজট এড়াতে ডিএমপির ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন কার্যকর করবে। ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে। এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
