পরিবেশমন্ত্রী বললেন

মে মাসের মাঝামাঝি থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:০২ এএম

পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সরকার আগামী মে মাসের মাঝামাঝি থেকে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কোথায় কতগুলো গাছ লাগানো হবে, এসব চারা কীভাবে সংগ্রহ করা হবে, এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও বন ভবনে হৈমন্তী মিলনায়তনে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় তিনি এ তথ্য জানান। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণ : স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার উন্নয়ন’।

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে একটি টেকসই ও সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। অবৈধভাবে দখল করা বনভূমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা। বিভিন্ন জেলার উপকূলীয় চরাঞ্চলে ২০০ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃষ্টি করা এবং এই সৃজনের মাধ্যমে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।’

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেছেন, বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণে সাম্প্রতিক বছরগুলোয় কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও এখনো অনেক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত