স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান ছিলেন। গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশের দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ঢামেকের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহিদ রায়হান। তিনি প্রকাশ্যে তাৎক্ষণিক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।
এ সময় দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও জাহিদ রায়হানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। জাহিদ রায়হানের সেই দিনের প্রতিবাদ মুহূর্তেই ভাইরাল হয়। বেশিরভাগ মানুষ এটাকে খুবই ইতিবাচকভাবে নেন। অনেকেই ডা. জাহিদ রায়হানের প্রশংসা করেন।
