এলজিইডি প্রকল্পে দুর্নীতি অভিযোগে পিরোজপুরে দুদকের ৪ মামলা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম

দুর্নীতি, ঘুষ নেওয়া, সরকারি অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পিরোজপুরে চারটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরে উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বাদী হয়ে বুধবার (১১ মার্চ) এসব মামলা দায়ের করেন। মামলাগুলোর অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।

মামলায় বলা হয়, পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সাময়িক বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের স্ত্রী মোসা. রীনা পারভীনের নামে হস্তান্তর করে ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ২৯৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। এ ঘটনায় রীনা পারভীনকেও সহায়তার অভিযোগে আসামি করা হয়।

প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ করা হয়, তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের দুই ছেলে এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত ও এইচ এম ফজলে রাব্বি রিমনের নামে সম্পদ দেখিয়ে প্রায় ২ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এ ঘটনায় দুই ছেলেকেও সহায়তার অভিযোগে আসামি করা হয়েছে।

এছাড়া এলজিইডির ঠিকাদার ও মেসার্স ঈশান এন্টার প্রাইজের মালিক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মো. সালাউদ্দিনের বিরুদ্ধে প্রায় ২৩ কোটি ৬০ লাখ ৭১ হাজার ২৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

অভিযোগ অনুযায়ী, তিনি প্রকল্পের কাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সেই অর্থ স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন।

আরেক মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মো. শামসুদ্দিনের বিরুদ্ধে প্রায় ২১ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৭৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি এলজিইডির ঠিকাদার হিসেবে প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করে সেই অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তর করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা দুদকের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এলজিইডিতে প্রায় দুই হাজার কোটি টাকার অভিযোগে তৎকালীন পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের পরিবারের বিরুদ্ধে প্রজেক্টের অর্থ আত্মসাতের অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত