সবচেয়ে খারাপ বায়ুর গুণমান নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সোয়া ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) সূচকে ঢাকার বাতাসের এই মান নির্ধারণ করা হয়।
এতে দেখা যায়, একিউআই স্কোর ১৭০ নিয়ে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’অবস্থায় রয়েছে। আর বিশ্বের বায়ুদূষণের শহরের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে।
দূষণের তালিকায় পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, কিরগিজস্তানের বিশকেক, ভিয়েতনামের হ্যানয় ও ভারতের দিল্লি শহর যথাক্রমে ১৯৫, ১৯৪, ১৮৪, ১৮২,১৮০ ও ১৭৮ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ,পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
