মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ৫ নম্বর ফেরি ঘাটে তেলবাহী ট্রাক উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে নদীতে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে তেলবাহী ট্রাক পাটুরিয়া ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামতে গিয়ে ব্রেকফেল হয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ডুবুরিদল চালককে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে। আহত ট্রাকচালক মো. শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা। উদ্ধারকারী জাহাজ হামজা রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়।
বিআইডব্লিউটিএ-এর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম জানান, রাত ১২টায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দুর্ঘটনায় নদীতে পড়ে যাওয়া লরিটি শনাক্ত করে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আজ বেলা ২টার দিকে দশ চাকার লরিটি নদী থেকে উপরে তোলা সম্ভব হয়।
তিনি আরও জানান, লরিটিতে প্রায় ১৭ হাজার লিটার তেল ছিল। এটি যশোর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরিতে করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নামে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় হঠাৎ লরিটির ব্রেক বিকল হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।