সময় যত ঘনিয়ে আসছে, ঈদের সিনেমা নিয়ে ততই বাড়ছে উন্মাদনা। সেই সঙ্গে চলছে জটিল হিসাব-নিকাশও। রমজানের শুরুতে ঈদের ছবির তালিকা লম্বা হলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই ছোট হয়ে আসছে। এরই মধ্যে পরীমনির ডোডোর গল্পসহ বেশ কয়েকটি সিনেমা ছিটকে পড়েছে ঈদের তালিকা থেকে। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এবারের ঈদে ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো সরব প্রচারণা চালালেও ‘দুর্বার’সহ আরও বেশকিছু ছবি নিয়ে এখনো সুনসান নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, প্রচারহীনতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অপুর এই সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা বললেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। অন্যদিকে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি না আসার ইঙ্গিত দিয়েছেন। আর ঈদ উৎসব মানেই যেন শাকিব খানের অগ্রাধিকার। শাকিব ছাড়া ঈদের সিনেমা কল্পনা করতে পারেন না দর্শক। এবার ঈদেও একাধিক সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। তার মধ্য সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ একটি। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্পের এই সিনেমার মাধ্যমে এবারও থাকছেন শাকিব খান।
দীর্ঘ জল্পনা আর প্রতীক্ষার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের টিজার। আর টিজার প্রকাশের পর থেকেই শাকিবিয়ানদের মধ্যে শুরু হয়ে গেছে তুমুল শোরগোল। এখানে শাকিব খানকে দেখা যাবে একেবারে ভিন্ন আঙ্গিকে। শক্তিশালী কাস্টিং আর আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত গল্পের আভাস মিললেও টিজারটি দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি বলে মত অনেকের। টিজারের শুরু থেকেই স্পষ্ট হয়, ঢাকার অপরাধ জগতকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। সেখানে গ্যাংস্টার রূপে হাজির হয়েছেন শাকিব খান। পুরো টিজারে তাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। একটিতে লম্বা চুল ও চোখে কালো চশমা পরে তিনি অ্যাকশন মুডে উপস্থিত, অন্যটিতে ছোট কোঁকড়া চুল, ছোট দাড়ি আর ডেনিম জ্যাকেটে একেবারে আলাদা এক রূপে ধরা দিয়েছেন। এই দুই লুক ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন জল্পনা এটি কি চরিত্রটির অতীতের গল্প, নাকি ছবিতে রয়েছে দ্বৈত চরিত্রের চমক। ছবির দুই নায়িকার উপস্থিতিও টিজারে চোখে পড়েছে। তাসনিয়া ফারিণকে দেখা গেছে রাতের অন্ধকারে একটি গাড়ির ভেতর, যেখানে তার চরিত্রে রহস্য আর উদ্বেগের ছাপ স্পষ্ট। অন্যদিকে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কু-ুকে দেখা গেছে প্রাণোচ্ছল ও লাস্যময়ী উপস্থিতিতে। যদিও তার উপস্থিতি খুব অল্প সময়ের, তবুও দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছে। টিজারের আরেকটি বড় আকর্ষণ ভারতীয় শিল্পীদের উপস্থিতি। জনপ্রিয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা গেছে নির্মম এক খলনায়কের চরিত্রে। বয়স্ক লুকে পাইপ হাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তার ভাবলেশহীন উপস্থিতি রহস্য তৈরি করেছে। একই সঙ্গে লোকনাথ দে-কে দেখা গেছে চতুর এক গ্যাং নেতার ভূমিকায়, যা টিজারের নাটকীয়তা বাড়িয়েছে।
মেকআপ ও গেটআপে পর্দার চরিত্রগুলো যে একটি জমজমাট অপরাধ জগতের গল্প বলতে চলেছে, টিজার দেখেই তা বোঝা যায়। সামাজিক মাধ্যমে অনেকেই কাস্টিং ও চরিত্রগুলোর লুকের প্রশংসা করেছেন। বিশেষ করে ভারতীয় অভিনেতাদের অ্যাকশন ও ব্যক্তিত্বে অনেকেই বলিউড ঘরানার আবহ খুঁজে পেয়েছেন। তবে প্রশংসার পাশাপাশি টিজারটি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে ভিএফএক্স বা বিশেষ দৃশ্য প্রভাব নিয়ে অনেক দর্শক হতাশা প্রকাশ করেছেন। টিজারের শেষদিকে শাকিব খানের হাতে একটি বিশাল অস্ত্র দেখা যায়, যেখান থেকে তিনি প্রতিপক্ষের দিকে গুলির ঝড় তুলছেন এবং ভবন ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই দৃশ্যের গ্রাফিক্স অনেকের কাছেই কৃত্রিম ও অসম্পূর্ণ মনে হয়েছে।