নবীজির অনন্য ১০ বৈশিষ্ট্য

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা, মহত্ত্ব ও বৈশিষ্ট্য সর্বদিক থেকেই অতুলনীয়। তিনি সমগ্র বিশ্বজগতের জন্য রহমত, সর্বশেষ নবী ও রাসুল, সমগ্র মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক এবং কেয়ামত পর্যন্ত মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। তার পবিত্র জীবন ন্যায়, দয়া, ক্ষমা, মানবতা ও উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ দৃষ্টান্ত। তার অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে বিশেষ দশটি উল্লেখ তুলে ধরা হলো।

জগৎগুলোর জন্য রহমত : নবীজি (সা.) সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ^জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া ১০৭)

তার আগমন মানবজাতিকে অজ্ঞতা, কুসংস্কার, জুলুম ও নৈতিক অধঃপতনের অন্ধকার থেকে ইমান, জ্ঞান, ন্যায় ও মানবিকতার আলোর পথে নিয়ে এসেছে। তার শিক্ষা মানুষের পাশাপাশি জীবজন্তু, পরিবেশ ও সমগ্র সৃষ্টির প্রতি দয়া ও কল্যাণের নির্দেশনা দিয়েছে।

সর্বশেষ নবী : তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন। (সুরা আহজাব ৪০) নবীজি নিজেও ঘোষণা করেছেন, তার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। (সহিহ মুসলিম)

সমগ্র মানবজাতির রাসুল : পূর্ববর্তী অনেক রাসুল নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন। কিন্তু মুহাম্মদ (সা.)-এর রিসালাত কোনো নির্দিষ্ট জাতি, অঞ্চল বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন।

মহান আল্লাহ বলেন, (হে নবী) আপনি বলুন, হে মানুষ! নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসুল।’ (সুরা আরাফ ১৫৮)

নবীজি (সা.) বলেছেন, পূর্ববর্তী নবীরা নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরিত হতেন আর তাকে সমগ্র মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। (সহিহ বুখারি)

ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত কথা : নবীজি (সা.)-এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাণী প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে, যা হাদিসের পরিভাষায় ‘জাওয়ামিউল কালিম’ নামে পরিচিত। তিনি বলেছেন, তাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাণী প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। (সহিহ বুখারি)।

তার অল্প কয়েকটি শব্দের মধ্যে জীবনের বিশাল দর্শন, নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সামাজিক নির্দেশনা নিহিত রয়েছে। তার হাদিসগুলো আজও মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের পথনির্দেশক।

সুপারিশ : কেয়ামতের দিন মানুষ যখন চরম বিপদ ও উদ্বেগের মধ্যে থাকবে, তখন তারা একজন সুপারিশকারী খুঁজবে। সেই মহাসংকটের সময়ে নবীজি (সা.)-এর বিশেষ সুপারিশের মর্যাদা প্রকাশ পাবে। এটি তার বিশেষ মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্মানের অন্যতম উজ্জ্বল নিদর্শন।

শত্রুর অন্তরে ভীতি সঞ্চারের ক্ষমতা : শত্রুর অন্তরে ভীতি সঞ্চারের ক্ষেত্রে নবীজি (সা.)-কে মহান আল্লাহ বিশেষভাবে সাহায্য করেছেন। তিনি বলেছেন, এক মাসের পথের দূরত্ব থেকেও শত্রুর অন্তরে ভীতি সঞ্চারের মাধ্যমে তাকে সাহায্য করা হয়েছে। (সহিহ বুখারি)

পৃথিবীকে নামাজ আদায়ের উপযোগী : নবীজি (সা.)-এর উম্মতের জন্য বিশেষ একটি সুবিধা হলো, সমগ্র পৃথিবীকে নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে এবং পবিত্রতা অর্জনের ব্যবস্থা সহজ করা হয়েছে।

নবীজি (সা.) বলেছেন, সমগ্র পৃথিবীকে আমার জন্য পবিত্র ও নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে। কাজেই আমার উম্মতের যেকোনো লোক ওয়াক্ত হলেই নামাজ আদায় করতে পারবে। (সহিহ বুখারি) এটি ইসলামের ইবাদতব্যবস্থার ব্যাপকতা ও সহজতার অন্যতম দৃষ্টান্ত।

গনিমতের সম্পদ : নবীজি (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এটিও রয়েছে যে, তার জন্য গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। তিনি অন্যান্য নবীর তুলনায় তাকে প্রদত্ত বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এ বিষয়টি উল্লেখ করেছেন। (সহিহ বুখারি)

মহান চরিত্রের অধিকারী : নবীজি (সা.)-এর মহত্ত্বের সবচেয়ে উজ্জ্বল দিকগুলোর একটি হলো তার অনুপম চরিত্র। মহান আল্লাহ তার চরিত্রের প্রশংসা করে বলেছেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কলম ৪)

হজরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে তার চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কোরআনই ছিল তার চরিত্র।’ (মুসনাদে আহমদ)

অর্থাৎ তার কথা, কাজ, আচরণ, ক্ষমা, দয়া, ধৈর্য ও মানবিকতার প্রতিটি ক্ষেত্রে কোরআনের শিক্ষা বাস্তব রূপ লাভ করেছিল।

উম্মতের কল্যাণকামী : নবীজি (সা.) তার উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু ও মমতাশীল। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের যে কোনো কষ্ট তার কাছে অত্যন্ত কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণের প্রতি অত্যন্ত আগ্রহী এবং মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু।’ (সুরা তাওবা ১২৮)

উম্মতের ইমান, হেদায়াত ও নাজাতের জন্য তার ব্যাকুলতা ছিল অতুলনীয়। তিনি নিজের আরাম-আয়েশের চেয়ে উম্মতের কল্যাণকে অধিক গুরুত্ব দিয়েছেন। তার পুরো জীবন ছিল মানবতার মুক্তি ও কল্যাণের জন্য উৎসর্গীকৃত।

হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্য ও মর্যাদা কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়। তিনি আল্লাহর হাবিব, সর্বশেষ নবী, সমগ্র মানবজাতির রাসুল এবং সমগ্র সৃষ্টির জন্য রহমত। তার জীবন মানবতার জন্য আলোর মিনার এবং তার সুন্নত নাজাতের পথ। আমাদের কর্তব্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসাকে শুধু মুখের দাবিতে সীমাবদ্ধ না রেখে তার আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা। কারণ সত্যিকারের নবীপ্রেম হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে, আর সেই ভালোবাসা মানুষকে সুন্নতের পথে পরিচালিত করে।

লেখক : আরবি প্রভাষক ও এমফিল গবেষক

সর্বশেষ সর্বাধিক পঠিত