অপেক্ষার পালা শেষ। ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও সম্মানজনক স্বীকৃতি অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডের অস্কারের ৯৮তম আসর। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়নপ্রাপ্ত সিনেমা ও অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের অস্কারে সর্বাধিক মনোনয়ন পেয়ে সেরার দৌড়ে এগিয়ে রয়েছে ‘সিনার্স’। ১৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ ছাড়া রয়েছে হ্যামনেট, ‘ফ্রাংকেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমাগুলো। অনেকেই বলছেন, এবারের অস্কার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তায় ঢাকা। মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলোর খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে লিখেছেন জাহাঙ্গীর বিপ্লব
সিনার্স : রায়ান কুগালার পরিচালিত ভ্যাম্পায়ার ঘরানার হরর সিনেমা ‘সিনার্স’-এর পটভূমি জিম ক্রো যুগের দক্ষিণ আমেরিকা। অভিনয়শিল্পীদের বড় অংশই কৃষ্ণাঙ্গ। আবার পুরো ছবি শুট করা হয়েছে আইম্যাক্স ৭০ এমএম ফরম্যাটে। মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে খ্যাতি পাওয়া রায়ান কুগলার এই সিনেমার পরিচালক। ১৯৩২ সালের মিসিসিপি বদ্বীপের পটভূমিতে নির্মিত। গল্পে যমজ ভাই স্মোক এবং স্ট্যাক তাদের নিজ শহরে ফিরে এসে একটি জুক জয়েন্ট খোলে, কিন্তু সেখানে তারা একটি ভয়ংকর অতিপ্রাকৃত ভ্যাম্পায়ার সত্তার মুখোমুখি হয়। ছবিটি দেখা যাচ্ছে এইচবিও ম্যাক্সে।
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার : গত বছর কান চলচ্চিত্র উৎসব থেকে যতগুলো আন্তর্জাতিক চলচ্চিতও উৎসব ও অ্যাওয়ার্ড হয়েছে, সবগুলোতেই একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে বাজিমাত করেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমাটি। এবারও বড় কিছু করতে বড় জয় অর্জন করবে বলে মনে করছেন অনেকে। ডার্ক কমেডি, স্পর্শকাতর পারিবারিক গল্প এবং কর্র্তৃত্ববাদী সরকার ও বর্ণবাদী ষড়যন্ত্র নিয়ে এক রাজনৈতিক গল্প পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা। টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে নেওয়া হয়েছে ছবির গল্প। লিওনার্দো ডি ক্যাপ্রিও এখানে তার সেরা কমেডি পারফরম্যান্সগুলোর একটি দিয়েছেন। আরও অভিনয় করেছেন টেয়ানা টেইলর, শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল। এটি দেখা যাচ্ছে এইচবিও ম্যাক্স ও জিওহটস্টারে।
হ্যামনেট : ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট সিনেমাটিতে দুর্দান্ত অভিনয় করে এবারকার অস্কারে সেরা অভিনেত্রী হবেন জেসি বাকলি এমনটাই মনে করছেন অনেকে। এ ছাড়া ছবিটি মনোনয়ন পেয়েছে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ কয়েকটি বিভাগে। এটি ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এতে ১১ বছর বয়সী পুত্র হ্যামনেটের মৃত্যুর শোক এবং শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ সৃষ্টির পেছনের আবেগঘন পারিবারিক কাহিনি দেখানো হয়েছে। ছবিতে আরও আছেন পল মেসক্যাল। এটি স্ট্রিম হচ্ছে পিকককে।
বুগোনিয়া : ব্ল্যাক কমেডি ধাঁচের এই সিনেমাটি গত বছর সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। দুই যুবক এক প্রভাবশালী নারী সিইওকে অপহরণ করে, কারণ তারা বিশ্বাস করে যে ওই নারী আসলে পৃথিবীকে ধ্বংস করতে আসা একজন ভিনগ্রহের প্রাণী। এটি দক্ষিণ কোরীয় চলচ্চিত্র ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট!’-এর পুনর্নির্মাণ। এমা স্টোন, জেসি প্লেমন্স অভিনীত সিনেমাটি সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা আবহসংগীতসহ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইয়োর্গোস লান্থিমোস।
এফ ১ : একাধিকবার অস্কার জয় করা অভিনেতা ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’ সেরা ছবি, সেরা ভিজ্যুয়াল ইফেক্টসহ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৩০ বছর আগে দুর্ঘটনায় ফর্মুলা ওয়ানের রেস থেকে ছিটকে পড়েন সনি হেইস (ব্র্যাড পিট)। একসময়ের প্রতিভাবান রেসার এখন ভবঘুরে আর পাঁড় জুয়াড়ি। নিউ ইয়র্কে মাঝেমধ্যে তাকে ট্যাক্সি চালাতেও দেখা যায়। কিন্তু স্টিয়ারিং হুইল হাতে পেলে এখনো হয়ে ওঠেন বেপরোয়া। ঘটনাচক্রে তাকে নামতে হয় ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের কঠিন লড়াইয়ে। এমন গল্পের সিনেমাটি বানিয়েছেন জোসেফ কোসিনস্কি।
ফ্রাংকেনস্টাইন : এই সিনেমাটি দেল তোরোর স্বপ্নের প্রকল্প; বহু বছর ধরে মেরি শেলির উপন্যাসকে পর্দায় নিয়ে আসতে চান তিনি। ২০০ বছরের বেশি সময় আগে লেখা উপন্যাসটি থেকে দুনিয়ার নানা প্রান্তে এন্তার সিনেমা-সিরিজ, কমিকস হয়েছে; তবু দেল তোরো নিজের ‘ফ্রাংকেনস্টাইন’ বানাতে মরিয়া ছিলেন। সেই স্বপ্ন অবশেষে বাস্তব হলো, গত বছরের ৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গথিক হরর সিনেমার এই ওস্তাদ নির্মাতার ‘ফ্রাংকেনস্টাইন’। সিনেমাটি তিনটি অংশে বিভক্ত শুরুর বয়ান, ভিক্টরের গল্প আর মনস্টারের গল্প। একুশ শতকের এই সিনেমা ২০০ বছর আগে লেখা মূল গল্পের কাছাকাছি থেকেও নতুনত্ব তৈরি করেছে। সেরা ছবি, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, সেরা আবহ সংগীত, সেরা চিত্রগ্রহণসহ কয়েকটি বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এতে অভিনয় করেছেন অস্কার আইজ্যাক, জ্যাকব এলর্ডি, মিয়া গথ, ফেলিক্স কামারার ও ক্রিস্টফ ভালৎজ।
দ্য সিক্রেট এজেন্ট : এই সিনেমাটির মাধ্যমে পরিচালক ও চিত্রনাট্যকার ক্লেবার মেন্ডোস ফিলহো খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন, কীভাবে ওপরের স্তরের দুর্নীতিগ্রস্ত সরকারি ক্ষমতা ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনে নেমে এসে তাদের জীবন নষ্ট করে দেয়। রাজনৈতিক থ্রিলারের পরিচিত সব উপাদানকে যেন নতুন করে তুলে ধরেছে দ্য সিক্রেট এজেন্ট। ১৯৭৭ সালের ব্রাজিলের পটভূমিতে সেখানকার স্বৈরশাসনের ভয়াবহ বাস্তবতাকে কেন্দ্র করে এ সিনেমার গল্প এগিয়ে চলে।
সেন্টিমেন্টাল ভ্যালু : একটি বাড়ি, ইতিহাস, স্মৃতি, শিল্প আর ট্রমা মিলিয়েই ইয়েকিম ত্রিয়েরের শ্বাসরুদ্ধকর ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ছবির অনেক দৃশ্যই ইঙ্গমার বার্গম্যানকে মনে করিয়ে দেয়। ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’-এর কথা মনে রেখেও বলা যায়, এটিই নির্মাতার সবচেয়ে পরিণত কাজ। রেনাতে রেইনসভে, স্টেলান স্কারসগার্ড, ইঙ্গা ইবসডটার লিলেয়াস ও এল ফ্যানিং অভিনীত সিনেমাটি এবার মনোনয়ন পেয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ বিভিন্ন বিভাগে।
ট্রেন ড্রিমস : এই গল্পে জীবন ও মৃত্যু পাশাপাশি হাঁটে ঠিক যেমন রেললাইন, যা একদিকে উন্নয়নের প্রতীক, অন্যদিকে ধ্বংসের চিহ্নও বটে। বিশ শতকে যুক্তরাষ্ট্র জুড়ে বিস্তৃত হওয়া রেললাইন যেমন মানুষকে কাছাকাছি এনেছে, তেমনি শতাব্দীপ্রাচীন বন কেটে প্রকৃতির চেহারাও বদলে দিয়েছে। ‘ট্রেন ড্রিমস’ তৈরি হয়েছে ডেনিস জনসনের একই নামের উপন্যাসিকা অবলম্বনে।