শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:২৯ এএম

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত গরম জমে বিপণিবিতানের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিদ্যুতের লাইনলাগোয়া পাশের একটি ভবনেও আগুন লেগে যায়। ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন ছিটকে নিচে পড়লে তিনজন পথচারী দ্বগ্ধ হয়। পরে দ্রুত দ্বগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। চিকিৎসকদের দাবি দগ্ধদের শরীর অন্তত ৪৫ -৫০ শতাংশ পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিকে ঈদের মৌসুম থাকায় বিপণিবিতান ও আশপাশের মানুষের (ক্রেতা) ভিড় ছিল। গত বুধবার রাত পৌনে ১১টার পৌরশহরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকা-ের এ ঘটনাটি ঘটে।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দাবি এটি বৈদ্যুতির শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের অন্তত ১০ মিনিট আগেই অটোমেটিক বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়। পরে রাতেই দুই ঘণ্টা চেষ্টা করে বিদ্যুৎ লাইন চালু করা হয়।

এদিকে অগ্নিদগ্ধরা হলেন, রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ বেশ কয়েটি ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান, তৃতীয় তলা থেকে সপ্তম তলায় ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম রয়েছে। আরও অন্য ফ্ল্যাটে আবাসিক বসবাস। এ সময় আতঙ্কে ঈদ মার্কেট করতে আসা ক্রেতারা দিগবিদিগ দৌড়াদৌড়ি করতে থাকেন। এতে ধাক্কাধাক্কির ফলে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-১ এর মাওনা জোনাল অফিসের ডিজিএম শান্তনু রায় জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের অন্তত ১০ মিনিট আগেই অটোমেটিক্যালি বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর পর ট্রান্সফরমারের ভেতরে জমে থাকা তাপে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, মার্কেট মালিকদের নিয়ে বসে তাদের নির্দেশ দেওয়া হবে যেন বাইরে কোনো অনুমতিহীন বিদ্যুৎ লাইন সরবরাহ না করেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত