কাবুলে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে পাকিস্তান রাতভর বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এ হামলায় কাবুলে অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) আফগান কর্মকর্তারা জানান, হামলায় রাজধানীর কয়েকটি আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খলিল জাদরান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানি বাহিনী মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করেই এ অভিযান চালিয়েছে বলে জানায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়তে থাকায় ইসলামাবাদ গত মাস থেকেই আফগানিস্তানের ভেতরে বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করেছে বলে দাবি করছে পাকিস্তান। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ভূখণ্ড থেকে কোনো জঙ্গি তৎপরতা পরিচালিত হয় না।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাবুল ছাড়াও দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া ও পাকতিকা প্রদেশেও পাকিস্তানের হামলা হয়েছে।

কান্দাহারে বিমানবন্দরের কাছে বেসরকারি বিমান সংস্থা ‘কাম এয়ার’-এর একটি জ্বালানি ডিপোতে হামলার খবর পাওয়া গেছে। এই ডিপো থেকে বেসামরিক বিমান এবং জাতিসংঘের উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। তবে পাকিস্তান দাবি করেছে, এ অভিযানে কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। দুই পক্ষের দেওয়া হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত