গাইবান্ধার গোবিন্দগঞ্জে হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের স্বপ্নের আলুখেত। শুক্রবার (১৩ মার্চ) ভোরে আকস্মিক এই বৃষ্টিতে উপজেলার শাখাহার ইউনিয়ন ও রাজাহার ইউনিয়ন-সহ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ আলুর জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু চাষিরা।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আলুর ফলন ভাল হয়েছে। ইতিমধ্যে অনেকেই আলু উত্তেলন করে জমিতে শুকানোর জন্য রেখেছেন, আবার কেউ কেউ জমি থেকে আলু তোলার প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু হঠাৎ ভোরে ভারি বর্ষণে জমিতে পানি জমে যাওয়ায় সেই আলু এখন পচে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
কৃষকের শঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে আলু পচে যেতে পারে এবং এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন । অনেক কৃষক ঋণ ও ধারদেনা করে আলু চাষ করেছেন। ফলে ফসল নষ্ট হলে তাদের চরম মুল্য দিতে হবে। দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
ফসল রক্ষায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জমি থেকে দ্রুত পানি সরিয়ে ফেলা। অন্যথায় ভালো ফলনের আশায় করা সব পরিশ্রমই বৃথা হয়ে যেতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষনিক ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি। তিনি আরওি বলেন, জমিতে ২/১ দিন পানি জমে থাকলেও আলুর তেমন কোন ক্ষতি হবেনা। তবে এই আলু সংরক্ষণ করা যাবে না।
