নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকা থেকে বৃহস্পতিবার (১২মার্চ) রাতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রিভলবার উদ্ধার করা হয়। শুক্রবার (১৩মার্চ) র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
