দৌলতদিয়া ঘাটে ঈদযাত্রা নির্বিঘ্ন করার নির্দেশ সংস্কৃতি প্রতিমন্ত্রীর

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:১৪ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে পুরোনো কোনো ভোগান্তি সহ্য করা হবে না । তিনি বলেছেন, সাধারণ মানুষ ঘাটে পা রাখা মাত্রই যেন ব্যবস্থার পরিবর্তন অনুভব করতে পারে। শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী খৈয়ম আরও যোগ করেন,বিএনপি নতুনভাবে সরকার পরিচালনার দায়িত্বে এসেছে। তাই ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের মতো কোনো অভিযোগ আমরা শুনতে চাই না।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সরকারের স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান প্রশাসন জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের কর্মপরিকল্পনা ও বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। উপদেষ্টা ও প্রতিমন্ত্রী উভয়ই সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সভায় ঈদের সময় যাত্রীসেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত